loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ইতালিকে হারিয়ে আর্জেন্টিনার ফিনালিসিমা জয়


ইতালিকে হারিয়ে আর্জেন্টিনার ফিনালিসিমা জয়

ল্যাটিন আমেরিকা ও ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই – ‘ফিনালিসিমা’ জয় করেছে আর্জেন্টিনা। ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার (১ জুন) ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ফলে, ১৯৯৩ সালের পরে আবারও ফিনালিসিমার আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফি জয়ের আনন্দে ভাসলো লা আলবিসেলেস্তে।

এদিন দুই মহাদেশের সেরা দুই দেশের লড়াই ছিল মূলত একপেশে। লিওনেল মেসির আর্জেন্টিনা একপ্রকার প্রতিরোধ ছাড়াই জিতেছে বলা চলে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পুরোটা সময় ইতালির ওপর  আধিপত্য বিস্তার করেছেন মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়া-লাওতারো মার্টিনেজরা।

ম্যাচের শুরু থেকেই ওয়েম্বলি স্টেডিয়াম প্রাঙ্গন চলে গিয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের দখলে। ৯০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের একটা আসনও ফাঁকা ছিল না।

এদিন আর্জেন্টিনার সূচনাটা ছিল দুর্দান্ত। বলের দখল নিয়ে প্রতিপক্ষ রক্ষণভাগে ক্রমাগত আক্রমণের পসরা সাজিয়েছিল। অবশ্য, ইতালিও শুরুর ঢিলেঢালা ভাব কাটিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মিনিট দশেক পরেই। প্রথম শট অন টার্গেট, প্রথম বড় সুযোগটাও তৈরি করেছিল ইউরোজয়ীরাই।

লিওনেল স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনা আর যা-ই হোক, রক্ষণে যে বেশ শক্তপোক্ত, তার প্রমাণ মিলেছে গত কোপা আমেরিকাতেই। আর সেটির প্রমাণ আরেকবার ওয়েম্বলিতেও দিলেন এমিলিয়ানো মার্টিনেজ-ক্রিশ্চিয়ান রোমেরোরা। মার্টিনেজ একটা দারুণ শট ঠেকালেন শুরুতে; বিংশ মিনিটে আর্জেন্টিনা রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ইতালির তৈরি করা বড় সুযোগটাও শেষ মুহূর্তের ট্যাকলে ঠেকিয়ে দিয়েছেন রোমেরো।

মেসি ২৮ মিনিটে জিওভানি ডি লরেঞ্জোর কড়া নজরদারি এড়িয়ে আক্রমণে উঠে বল বাড়িয়ে দেন মাঝে থাকা লাওতারো মার্টিনেজের উদ্দেশ্যে; সহজ ট্যাপ ইনে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো (১-০)।

এই গোলের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মেসিদের। অন্যদিকে, ইতালি মরিয়া হয়ে গোল শোধের চেষ্টা করেছে। অবশ্য, আর্জেন্টিনা সেসব সামলে প্রতি আক্রমণে উঠে এসেছে বারবারই। বিরতির ঠিক আগে তেমনই এক প্রতি-আক্রমণে দ্বিতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। গোলরক্ষক এমিলিয়ানোর বাড়ানো বল প্রতিপক্ষ অর্ধে লাওতারোর কাছে আসে; সঙ্গে ছিলেন কোপা জয়ের নায়ক ডি মারিয়া। লাওতারোর বাড়ানো বলে আলতো চিপে বল ইতালির জালে জড়িয়ে দেন ডি মারিয়া (২-০)।

দুই গোল খেয়ে আর্জেন্টিনার রক্ষণভাগকে বিরতির আগে দুই-একবার একটু দুশ্চিন্তায় ফেলতে পেরেছিল ইতালি। তবে, বিরতি থেকে ফিরে সেটাও উবে গেছে অনেকটাই। আর তাতে খেলা হয়ে পড়ে আরও একপেশে। বিরতির পরে কম হলেও চারটা নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়েছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমা, যার মধ্যে দুটো ছিল মেসির।

যাহোক, দ্বিতীয়ার্ধের অন্তিম ক্ষণে পাওলো দিবালা বক্সের সামনে থেকে দারুণ এক ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয়ে যাওয়া ম্যাচের ব্যবধানটা আরও বৃদ্ধি করেন (৩-০)।

Loading...