
হোসে মরিনিয়ো বিশ্বফুটবলে বহুল আলোচিত একজন কোচ। এর আগে ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউয়েফা কাপ ও ইউরোপা লিগ জেতার কৃতিত্ব দেখিয়েছেন এই বর্ষীয়ান পর্তুগিজ। এবার গড়লেন নতুন আরেকটি রেকর্ড। তাঁর বর্তমান ক্লাব ইতালির রোমা বুধবার (২৫ মে) রাতে ডাচ ক্লাব ফাইনুর্ডকে ১-০ ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো আয়োজিত ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জিতেছে।
মরিনিয়োর কোচিং ক্যারিয়ারে তাঁর দল যে-কয়েকবার ইউরোপিয় ক্লাব আসরের ফাইনালে উঠেছে, প্রতিবারই শিরোপা নিয়েই মাঠ ছেড়েছে। তাঁর মতো এমন কীর্তি করে দেখাতে পারেননি আর কোনো কোচ।
আলবেনিয়ার রাজধানী তিরানা’য় বুধবারের ফাইনালের ৩১তম মিনিটে রোমার জিয়ানলুকা মানচিনি বল নিয়ে বক্সে প্রবেশ করে নিকোলো জানিওলোর দিকে বাড়িয়ে দেন। এই সুযোগ হাতছাড়া করেননি ইতালিয়ান মিডফিল্ডার জানিওলো; তীব্র শটে কাঁপিয়ে দেন ফাইনুর্ড-এর জাল।
গোল খেয়ে সেটি শোধ করতে মরিয়া হয়ে ওঠে ফাইনুর্ড। তবে, রোমার রক্ষণভাগ ভেদ করতে পারেনি স্বাগতিক দল। ফলে, ২০০৮ সালে ইতালিয়ান কাপ জেতার পরে এই প্রথম কোনো শিরোপা ঘরে তুললো রোমের ক্লাবটি।