
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নতুন শুল্কারোপে অর্থনীতিতে যে-প্রভাব পড়বে, তা সামাল দেওয়া কঠিন নয়।
তিনি বলেন, ‘সরকার শুল্কের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নতুন শুল্কের কারণে অর্থনীতির ওপর যে-প্রভাব পড়বে, তা সামাল দেওয়া কঠিন হবে-না। আমরা আশাবাদী, এর থেকে ভালো কিছু বেরিয়ে আসবে।’ ড. সালেহউদ্দিন আহমেদ ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ-কথা বলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। ডােনাল্ড ট্রাম্প প্রশাসন গত ২ এপ্রিল ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, রমজান ও ঈদের সময় পণ্যের দাম স্থিতিশীল ছিল, যা জনসাধারণকে স্বস্তি দিয়েছে।
তিনি আরও বলেন, ‘এবার মানুষের ঈদ ভালো কেটেছে। মার্চ মাসে দেশে তিন বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ফলে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।’