loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

এল ক্লাসিকো জিতে শীর্ষে রিয়াল


এল ক্লাসিকো জিতে শীর্ষে রিয়াল

ম্যাচের বয়স ছয় মিনিট পার হতে না হতেই অলিম্পিক স্টেডিয়ামে আসা স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতিয়ে তোলেন ইকাই গুন্দোয়ান। রিয়াল মাদ্রিদের জালে বল পাঠিয়ে বার্সেলোনাকে লিড এনে দেন এই মিডফিল্ডার। তবে সেই লিড ধরতে রাখতে পারেনি ক্যাটালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের দুর্দান্ত গোলে ম্যাচে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। আর শেষ মুহূর্তে সেই বেলিংহামই জাল স্পর্শ করলে নিলে দারুণ জয় পায় রিয়াল।

চোট কাটিয়ে এই ম্যাচে বার্সেলোনা স্কোয়াডে ফেরেন রবার্ট লেভান্ডোস্কি ও রাফিনিয়া। কিন্তু দু’জনকে নিয়ে ঝুঁকি নেননি জাভি এর্নান্দেস। তাদেরকে বেঞ্চে রেখে জোয়াও ফেলিক্স, ফেরান টোরেস, ফেরমিনদের ওপর আস্থা রাখেন বার্সা কোচ। জাভির সিদ্ধান্ত যে ভুল ছিল না – তাঁর প্রমাণ মিলে যায় ছয় মিনিটেই গুন্দোয়ানের গোলে। ম্যাচের প্রথম আক্রমণেই গোল পায় স্বাগতিকরা। কাতালান ফরোয়ার্ডদের চাপে অরলিয়ে চুয়ামেনি গোলরক্ষকের উদ্দেশ্যে ব্যাক পাস দেন, কিন্তু রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা বলের কাছে পৌঁছে ক্লিয়ারের চেষ্টা করলেও সেই বলের নিয়ন্ত্রণ নেন ইকাই গুন্দোয়ান। এরপর কেপাকে ফাঁকি দিয়ে বাকি কাজ সারেন তিনি। বার্সেলোনার জার্সিতে এটাই তাঁর প্রথম গোল।

এগিয়ে গিয়ে আরও চড়াও হয়ে খেলেছে বার্সেলোনা। ১৬ মিনিটে ফেরমিন লোপেজের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়েনি বার্সার। বক্সের কোনা থেকে ফেরমিনের গতির শট রিয়াল গোলরক্ষক কেপাকে পরাস্ত করলেও পোস্টকে ফাঁকি দিতে পারেনি। বার্সা আক্রমণের বিপরীতে প্রথমার্ধে গোলের উদ্দেশে কোনো শট নিতে পারেনি রিয়াল।

তবে, বিরতির পর আক্রমণে জোর দেয় রিয়াল। ৬৮ মিনিটে গোলও পেয়ে যায়। দূরপাল্লার তীব্র গতির শটে দলকে সমতায় ফেরান বেলিংহাম। গোলটা দেখে মাঠে থাকা বার্সার খেলোয়াড়েরা যেমন ভড়কে যান, গ্যালারিতে থাকা সমর্থকেরা হয়ে পড়েন বাকরুদ্ধ।

ম্যাচটা যখন ড্রয়ের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছিলো, তখনই বেলিংহাম তাঁর নৈপুণ্য দেখান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ক্রস বাড়ান দানি কারভাহাল। সেটা লুকা মদ্রিচের পায়ে লেগে খুঁজে নেয় ফাঁকায় দাঁড়ানো বেলিংহামকে; আলতো ছোঁয়ায় অনায়াসে বার্সার জাল কাপান তরুণ মিডফিল্ডার।

ম্যাচ শেষে বেলিংহামের প্রশংসায় রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘ওকে দেখে অনেক অভিজ্ঞ ও পরিপক্ব মনে হয়। যে-গোলে সে দলকে সমতায় ফিরিয়েছে, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

২-১ ব্যবধানের ঘুরে দাঁড়ানো এই জয়ে লা লিগায় জিরোনাকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এল মাদ্রিদের ক্লাবটি। ১১ ম্যাচে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ২৮। চমক দেখাতে থাকা জিরোনার পয়েন্টও ২৮। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে যেতে হলো জিরোনাকে। জাভি হার্নান্দেজের বার্সেলোনা ২৪ পয়েন্টে আটকে থেকে তিনেই রয়ে গেল।

Loading...